সিলেট সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় দেড় বছর বয়সী এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার জালালাবাদ থানাধীন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে কালারুকা গ্রামের আমির আলীর মেয়ে। অভিযুক্ত মা সুবিনা বেগম (২৫)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শিশুটির বাবা আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিছুক্ষণ পরই ঘরের ভেতরে এ নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় অভিযুক্ত মা বঁটি দিয়ে শিশুটির হাত-পা বেঁধে তাকে হত্যা করেন। এ সময় পরিবারের আরেক শিশুকেও হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে ওই শিশু পালিয়ে গিয়ে বাবাকে খবর দেয়।
খবর পেয়ে বাড়িতে ফিরে শিশুটির বাবা রক্তাক্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত শিশুর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ