সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গজনিত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন রয়েছে। তারা সবাই বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত শিশুদের মধ্যে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জের ৫ মাস বয়সী রাইসা, সুনামগঞ্জের ছাতকের ৬ বছর বয়সী আলী আফসান, দিরাইয়ের ১০ মাস বয়সী মুসলিমা, সিলেট সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা এবং বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী রাশেদ আহমেদ।
বর্তমানে বিভাগজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭৪ জন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ