পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালের আলোচনা এখনও চলছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। স্থায়ী যুদ্ধবিরতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। এ অবস্থায় আবারও তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
বার্তাসংস্থা আনাদোলুর বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলমান সংকট নিরসনে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের অবস্থান ভিন্ন।
প্রতিবেদন অনুযায়ী, এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।
আইএসএনএ আরও জানিয়েছে, অতিরিক্ত আলোচনা ও কূটনৈতিক বৈঠকের জন্য শুক্রবারও তেহরানে অবস্থান করবেন মহসিন নকভি।
এর আগে আনাদোলুর আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানের ১৪ দফা প্রস্তাব অনুযায়ী স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আলাদা আলোচনা চায় তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান হলো—স্থায়ী যুদ্ধবিরতির আগেই পারমাণবিক ইস্যুর নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা এখন পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও, ইরানের বন্দরগামী ও সেখান থেকে আসা জাহাজের ওপর কৌশলগত সমুদ্রপথে অবরোধ বহাল রেখেছে ওয়াশিংটন।
হাফিজ/ আয়না নিউজ