| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 11109 বার পঠিত
শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে নগরের একটি এলাকায় শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভে জড়ো হন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে সংঘর্ষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এসময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও থেমে থেমে সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে রাত ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকসহ অন্যদের খোঁজখবর নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪