পুলওয়ামা হামলার অন্যতম অভিযুক্ত ও পরিকল্পনাকারী হিসেবে পরিচিত বুরহান পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ মে) স্থানীয় সময় অজ্ঞাত একদল হামলাকারী বুরহানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) বহরে আত্মঘাতী বিস্ফোরণে ৪০ জনের বেশি সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকেই বুরহান ওই হামলার পরিকল্পনাকারীদের একজন হিসেবে অভিযুক্ত ছিলেন।
এ ঘটনায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি এবং তদন্ত বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবিরোধী পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে।
হাফিজ/ আয়না নিউজ