পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও ইতিবাচক গতি ফিরেছে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা পরিবারের খরচ ও কোরবানির প্রস্তুতির জন্য বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। অর্থাৎ চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০৯ কোটির বেশি টাকা।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি সময়েও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।
এছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
হাফিজ/ আয়না নিউজ