২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। তবে এখনো যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। অবশেষে বৃহস্পতিবার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার আবেদন করেছেন ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ইরান দল কানাডার ভিসার জন্য আবেদন করছে। পাশাপাশি কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনও করেছেন। এ উদ্দেশ্যে তুরস্কে অবস্থানরত ইরান দল দেশটিতে থাকা কানাডীয় দূতাবাসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবু সাম্প্রতিক ড্রোন হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এসবের মধ্যেও ফিফা জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই বিশ্বকাপ আয়োজন এগিয়ে যাবে এবং ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে।
গত শনিবার তুরস্কে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে বৈঠক করে ইরান ফুটবল ফেডারেশন। বৈঠককে দুই পক্ষই ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে। ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি জানান, তুরস্কে অবস্থানকালেই খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
গত বছরের মার্চে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছিল ইরান। এরপরও দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। তা সত্ত্বেও ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ম্যাচ ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। যদিও ইরান চেয়েছিল তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে কানাডা বা মেক্সিকোতে আয়োজন করা হোক।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা নেই। তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আগে তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। গাম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামী ৪ জুন মালির মুখোমুখি হবে দলটি। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ প্রস্তুতি, প্রশিক্ষণ ক্যাম্প এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই গত সোমবার তুরস্কে পৌঁছেছে ইরান দল। ভিসা অনুমোদনের পর বিশ্বকাপ চলাকালীন অ্যারিজোনার টুকসনে অবস্থান করবে তারা।
হাফিজ/ আয়না নিউজ