মানিকগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন উপকারভোগীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান। তিনি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরহাদ আলম, সমাজসেবক মো. রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলীম, মো. আতাউর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাফিজ/ আয়না নিউজ