ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামি স্ত্রীর দায়ের করা চেক বাউন্স মামলায় বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ চার বছর ধরে চলা এই মামলার রায় বুধবার ঘোষণা করেন আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত রায়ে জানায়, শামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়নি। ফলে তাকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলাটি ২০১৮ সালে দায়ের করেন তার স্ত্রী হাসিন জাহান। অভিযোগে বলা হয়, সংসার খরচ বাবদ দেওয়া এক লক্ষ টাকার একটি চেক ব্যাংকে জমা দিলে তা ‘বাউন্স’ করে। এরপরই তিনি আদালতের শরণাপন্ন হন।
তবে দীর্ঘ শুনানি শেষে আদালত মনে করে, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়নি।
এর আগে শামি ও তার পরিবারের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ উঠেছিল। যদিও সেগুলোর বেশিরভাগই পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় অগ্রসর হয়নি। তবে ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা এখনো চলমান রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শামি প্রতি মাসে স্ত্রীকে দেড় লাখ টাকা এবং মেয়ের খরচ বাবদ আড়াই লাখ টাকা প্রদান করছেন।
বর্তমানে লখনৌ সুপার জায়ান্টস-এর হয়ে খেলছেন এই পেসার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ