বিশ্বকাপের ঠিক আগে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দলের অন্যতম ভরসার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপ করতে গিয়ে হাতের আঙুল ভেঙে ফেলেন।
তবে গুরুতর এই চোটও দমাতে পারেনি আর্জেন্টাইন এই তারকাকে। ব্যথা উপেক্ষা করেই মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। বুধবার রাতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে অ্যাস্টন ভিলা. ৩-০ গোলে হারায় এসসি ফ্রাইবুর্গকে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের ট্রফি ঘরে তোলে ইংলিশ ক্লাবটি।
পুরো ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিনশিট বজায় রাখেন মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, ফাইনাল শুরুর আগেই তার আঙুল ভেঙে গিয়েছিল।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “ম্যাচের আগে ওয়ার্মআপে আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন হয়নি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।”
ওয়ার্মআপের সময় কিছুক্ষণ চিকিৎসকদের সহায়তা নেন তিনি। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন এবং কিকঅফের সময় স্বাভাবিকভাবেই গোলপোস্টের নিচে দাঁড়ান।
বিশ্বকাপের আগে মার্তিনেজের এই চোট এখন উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টিনা শিবিরে। যদিও ফাইনালে তার দৃঢ়তা ও পারফরম্যান্স ফুটবল ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
হাফিজ/ আয়না নিউজ