শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসককে দেখতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানকে ‘মিথ্যা বুলিসর্বস্ব’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২০ মে ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জামাত আমির বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও সরকার তা উন্নতি হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করছে। বাস্তব পরিস্থিতি এর সম্পূর্ণ বিপরীত।
হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিতে পারবেন না। কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া সভ্য সমাজের কাজ নয়। চিকিৎসায় কোনো অবহেলা হয়ে থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শরীয়তপুর হাসপাতালের সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হবে, তবে অন্যায় হলে তার বিরুদ্ধে বিরোধী দল প্রতিবাদ জানাবে।
এছাড়া তিনি আরও বলেন, বিগত শাসনামলে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যেখান থেকে বেরিয়ে এসে একটি সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
হাফিজ/ আয়না নিউজ