ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুধবার (২০ মে) বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সুগন্ধা নদীর ওপর সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
তারা জানান, ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর এবং মোংলা বন্দরের সঙ্গে নলছিটি উপজেলা ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু এখন সময়ের দাবি।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে একটি ফেরি ও অন্তত ছয়টি খেয়াঘাটের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকায় প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি যাত্রী এপার-ওপার যাতায়াত করেন। এতে শিক্ষার্থী, রোগী, আদালতে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও জানান, কয়েক বছর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআইডি) মাধ্যমে সিআইবিআরআর প্রকল্পে সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা হাদী, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদারসহ অনেকে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ