দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের জয় তুলে নেয়। দুই ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। দলটি ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে, যেখানে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ধরনের সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে।
তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
হাফিজ/ আয়না নিউজ