নাটোরের সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ভুক্তভোগী শিশু একা অবস্থায় ছিল। এ সময় পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোর বাড়িতে প্রবেশ করে তাকে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটির কান্নাকাটি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহত শিশুটিকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ