নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), সামিউল ইসলাম (৪৬), কাজল (৪০) ও মনিরুজ্জামান (৩৯)। তাদের মধ্যে তিনজন পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার বাসিন্দা এবং অপরজন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যান।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন :
নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল
ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ