| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মার চরে দুইজন গুলিবিদ্ধ, একজন নিখোঁজ

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 27207 বার পঠিত
পদ্মার চরে দুইজন গুলিবিদ্ধ, একজন নিখোঁজ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালির পদ্মা চরে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন স্বপন বেপারী (৪০) ও জিয়াউল হক (৩৫)। স্থানীয়রা জানায়, জিয়াউল হক পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দে তিনি ঘটনাস্থলে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন।

তবে গুলিবিদ্ধ স্বপন বেপারীর সন্ধান এখনো মেলেনি। ঘটনাস্থলে রক্তের দাগ ও আলামত পাওয়া গেলেও তাকে পাওয়া না যাওয়ায় পুলিশের ধারণা, গুলিবিদ্ধ অবস্থায় তাকে অপহরণ বা নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি নিহত হতে পারেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকটি ট্রলারে করে ১৫–১৬ জনের একটি দল চর এলাকায় প্রবেশ করে। এরপর তারা স্বপনের বাড়ির দিকে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্বপনকে টর্চলাইটের আলো ফেলায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং পরে তাকে ট্রলারে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার পরিবার।

স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, “আমি নিজের চোখে দেখেছি, তারা আমার ছেলেকে ধরে গুলি করে ট্রলারে তুলে নিয়ে গেছে। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”

এলাকাবাসীর দাবি, পদ্মা চরের বালুরঘাটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত ও দুষ্কৃতকারীদের তৎপরতা রয়েছে। তবে এবারের ঘটনাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাজশাহী জেলা পুলিশ জানায়, ঘটনাস্থলে রক্তের আলামত পাওয়া গেছে এবং স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় পুরো চকরাজাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪