যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
পুলিশ জানায়, দুপুরের দিকে দুই কিশোর হঠাৎ মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন। এছাড়া আরও তিন মুসল্লী প্রাণ হারান।
পরে ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলেও জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া একটি অস্ত্রের গায়ে ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী বক্তব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।
এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী।
হাফিজ/ আয়না নিউজ