নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ি কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে পুনরায় কোনো গণ-অভ্যুত্থান ঘটলে সংস্কারের অংশ হিসেবে প্রথমেই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগে বিচার করার কথাও জানান তিনি।
পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর “সুনজরে” বর্তমান কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি বলেন, অনিয়ম হলে বর্তমান নির্বাচন কমিশনকেও জবাবদিহির আওতায় আনা হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, অতীতে একটি পরিস্থিতিতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকলেও তিনি সংযম দেখিয়েছেন যাতে প্রাণহানি না ঘটে।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক স্তরে “নির্বাচনী প্রকৌশল” চালানো হয়েছে বলে দেশবাসী দেখেছে।
হাফিজ/ আয়না নিউজ