ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে কথিত যৌন নিপীড়নের মামলা দায়েরের ঘটনায় পুত্রবধূকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আদালতের জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এনামুল হক।
আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম ওরফে নুরু সরদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুত্রবধূ যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। পরে ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১২ মে রাতে পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, অসুস্থতার কারণে তিনি স্বামীর থেকে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। ওই সময় শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়।
সোমবার আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুত্রবধূকে কারাগারে পাঠানোর এবং শ্বশুরকে জামিন দেওয়ার আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আক্কাস সিকদার বলেন, অভিযোগ প্রাথমিকভাবে অসত্য প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।
গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ