পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে সাধারণ মানুষের জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর, আমদানি-রপ্তানি কার্যক্রম, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত নির্বাচিত ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এসব শাখায় মূলত নগদ লেনদেন, বৈদেশিক বাণিজ্য ও জরুরি আর্থিক সেবা দেওয়া হবে।
এছাড়া ঈদের আগে বেতন-ভাতা, রেমিট্যান্স ও ব্যবসায়িক লেনদেন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ এবং মোবাইল ও অনলাইন ব্যাংকিং সেবা সচল রাখতেও বলা হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকের চাপ বাড়তে পারে। তাই সীমিত পরিসরে খোলা থাকা শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় জনবল রাখার প্রস্তুতি নেয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ