যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনী চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি যুদ্ধবিমান। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছেন বিমানে থাকা চারজন ক্রু সদস্য। তারা সবাই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে মাটিতে অবতরণ করেন।
রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নৌবাহিনীর এক মুখপাত্র জানান, আকাশে কসরত প্রদর্শনের সময় দুটি বিমান পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি বুঝতে পেরে বিমানের চারজন ক্রুই দ্রুত ইজেক্ট করেন এবং প্যারাশুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পুরো ঘাঁটি লকডাউন করা হয় এবং এয়ার শোর অবশিষ্ট কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন :
যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে চীন
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় জড়িত সবাই নিরাপদে আছেন এবং জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করায় দর্শনার্থীদের ধন্যবাদ জানানো হয়েছে।
মার্কিন নৌবাহিনী আরও জানিয়েছে, যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে পরিচালিত হচ্ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে আয়োজক প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস জানিয়েছেন, দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ