রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা দাবি করেছেন, বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতি বছর ৮ হাজার কোটি টাকার বেশি আয় করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। তবে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির দৃশ্যমান অবদান তুলনামূলক কম বলেও মন্তব্য করেন তারা।
শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে মেটা। সে হিসাবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, সরকার ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। আগামী পাঁচ বছরে এ খাতে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী, টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীরসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিশেষজ্ঞ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। আর স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।
হাফিজ/ আয়না নিউজ