হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ওলামায়ে হক্কানিরা এক ও অভিন্ন শক্তি, এর মধ্যে কোনো বিভক্তি নেই। রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজ পরিষ্কার হয়ে গেছে, ওলামায়ে হক্কানিরা আমরা একদল। এর মধ্যে হেফাজতে ইসলামে কোনো বিভক্তি নেই।
সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ১১ দলীয় নির্বাচনী ঐক্য এবং জাতীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মাওলানা মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দলকে নিয়ে এই ঐক্য গঠন করা হয়েছে। তবে এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক সমন্বয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা নিজ নিজ অবস্থানেই বহাল রয়েছে।
হেফাজতে ইসলামের আমির বলেন, সংগঠনটি কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও ইসলামের স্বার্থে যেকোনো পরিস্থিতিতে দৃঢ় অবস্থানে থাকবে।
সাক্ষাৎকালে হেফাজতের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ