নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সৈয়দপুর–চিলাহাটি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়েন শত শত যাত্রী, যাদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে যাত্রাবিরতির পর খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ভেঙে পড়ে থাকা একটি বড় গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
এ ঘটনার প্রভাব পড়ে অন্যান্য ট্রেন চলাচলেও। খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের ডোমার, নীলফামারী ও চিলাহাটি স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়। ট্রেনটি সৈয়দপুর স্টেশনে যাত্রা শেষ করে সেখানেই যাত্রী নামিয়ে দেয় এবং পরে সেখান থেকেই পুনরায় খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
হঠাৎ রুট পরিবর্তনের কারণে বিপাকে পড়েন মাঝপথের যাত্রীরা। ডোমার স্টেশনে অপেক্ষমাণ যাত্রী আসাদুল ইসলাম বলেন, তিনি সকালে ট্রেনের অপেক্ষায় ছিলেন। পরে জানতে পারেন দুর্ঘটনার কারণে ট্রেনটি সৈয়দপুর পর্যন্ত সীমিত করা হয়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বাসে করে সৈয়দপুর গিয়ে ট্রেনে উঠতে হয়েছে।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, বিকেলের মধ্যে লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ