সৌদি আরবের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম কোনো প্রধান ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। শনিবার রাতে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ ব্যবধানে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে আল-নাসরের। আল-নাসর ওসাকার রক্ষণব্যূহ ভাঙতে পারেনি পুরো ম্যাচজুড়ে বল পজিশনে আধিপত্য বিস্তার এবং গোলমুখে একের পর এক আক্রমণ করে। তুর্কি ফরোয়ার্ড ডেনিজ হাম্মাতের প্রথমার্ধে করা একমাত্র গোল ওসাকাকে এশিয়ার দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্টের শিরোপা এনে দেয়।
আল-নাসরের জন্য টানা দ্বিতীয় বড় ধাক্কা ছিল এটি। পাঁচ দিন আগে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র হওয়ায় ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের উৎসব মাটি হয় তাদের। আগামী বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে প্রো লিগের ভাগ্য নির্ধারিত হবে।
আল-নাসরের জন্য নিজেদের ঘরের মাঠে ম্যাচটি চরম হতাশার ছিল। প্রথমার্ধে বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও ম্যাচের ৩০ মিনিটে স্বাগতিকরা উল্টো গোল খেয়ে বসে। ওসাকার হাম্মাত ডি-বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে বল জালে জড়ালে ভিএআর পরীক্ষার পর অফসাইড না হওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন-
অ্যাস্টন ভিলার দাপটে লিভারপুল বিধ্বস্ত, চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত
সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমার্ধের বিরতির ঠিক আগে। জোয়াও ফেলিক্সের ক্রস থেকে পাওয়া তার ক্লোজ-রেঞ্জ হেডারটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গত জুলাইয়ে চেলসি থেকে আল-নাসরে যোগ দেওয়া ফেলিক্স ম্যাচের ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে।
আল-নাসরের তারকাখচিত আক্রমণভাগকে বোতলবন্দি করে রাখে গাম্বা ওসাকা রক্ষণভাগে দলগত ও সুশৃঙ্খল পারফরম্যান্স প্রদর্শন করে। হাম্মাত ইনজুরির কারণে প্রথমার্ধে মাঠ ছাড়লেও তার দল লিড ধরে রাখতে সক্ষম হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার পর আল-নাসরের খেলোয়াড়রা যখন মাঠের ভেতর হতাশায় ভেঙে পড়েছেন,তখন রোনালদো সতীর্থদের থেকে আলাদা হয়ে একা একাই গটগট করে টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে চলে যান।
রানার্সআপের সিলভার মেডেল সংগ্রহ করতে আল-নাসরের প্রধান কোচ হোর্হে জেসুস যখন পোডিয়ামে দলের বাকি ফুটবলারদের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেখানে সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদোকে আর দেখা যায়নি। আল-নাসরের সামনে এখনো সৌদি প্রো লিগ জেতার সুযোগে আগামী বৃহস্পতিবার 'দামাক'-এর বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।
এফ এ/আয়না