ভারতের রাজস্থানের কোটার কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) ভোরে লাগা এই আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল প্রায় ৫টা ১৫ মিনিটে বিক্রমগড় আলোত রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়। ওই কোচে তখন ৬৮ জন যাত্রী অবস্থান করছিলেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে ওভারহেড বৈদ্যুতিক সংযোগ (ওএইচই) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোচটি থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আকাশ ঢেকে ফেলেছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ধরে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোটায় পৌঁছানোর পর ট্রেনটিতে একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে দিল্লির উদ্দেশে যাত্রা চালিয়ে যেতে পারেন।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে। শনিবার দুপুরে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
এর একদিন আগেও ভারতের আরেকটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন দেখা যায়। তবে সে সময় কোচটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
হাফিজ/ আয়না নিউজ