সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানান, সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।
দীর্ঘদিন অসুস্থ অবস্থায় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর ২টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিনহা ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক উন্নয়ন ও দাতব্য কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। মিজানুর রহমান সিনহা দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
সর্বশেষ তিনি জেলা বিএনপি কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও অসুস্থতার কারণে পরে তা পরিবর্তন করা হয়।
হাফিজ/ আয়না নিউজ