বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক। রিটে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিতের আবেদনও জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন— আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিটে বিবাদী করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), এনএসসির নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহসহ সংশ্লিষ্টদের।
আবেদনে বলা হয়েছে, নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা আইনগত কর্তৃত্ববহির্ভূত। এ বিষয়ে রুল জারির পাশাপাশি অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। ওই কমিটির সভাপতি করা হয় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে।
কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া সদস্য হিসেবে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
উল্লেখ্য, এর আগে অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী পৃথক রিট দায়ের করেছিলেন। তবে গত ১১ মে হাইকোর্টের একটি বেঞ্চ সেই রিট খারিজ করে দেন।
হাফিজ/ আয়না নিউজ