ময়মনসিংহের ত্রিশালে চলন্ত একটি ট্রেনের ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আউলিয়ানগর অতিক্রম করার সময় ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন এবং রেলকর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে অনেকে দ্রুত নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদ ঘোষণা করা হলে রেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
হাফিজ/ আয়না নিউজ