গঠনমূলক সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্রকে আরও কার্যকর করে তোলে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে।
শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
রিজভী জানান, সভায় দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন এবং সারাদেশের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকারের গত কয়েক মাসের কার্যক্রম ও বাস্তবায়নাধীন কর্মসূচি নিয়েও আলোচনা হবে।
তিনি বলেন, গণতন্ত্রে সরকারের কাজ করা এবং বিরোধীদলের সমালোচনা করাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেই সমালোচনা যেন উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে গঠনমূলক হয়।”রিজভী আরও দাবি করেন, সরকারের কিছু সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন প্রকল্প ইতিবাচক উদ্যোগ।
তিনি সতর্ক করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়ানো বা ষড়যন্ত্রমূলক রাজনীতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
সবশেষে তিনি বলেন, জনগণই চূড়ান্ত বিচারক, তারা আগামী নির্বাচনে সরকারের কাজের মূল্যায়ন করবে।
হাফিজ/ আয়না নিউজ