ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। উত্তেজনা কমাতে দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু করার ওপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান।
অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি সরাসরি আগ্রাসনের শামিল। তিনি আরও বলেন, বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
আরাগচি জানান, তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেকোনো সমাধান হতে হবে ন্যায্য ও সর্বাঙ্গীন—এমন শর্তেই ইরান কোনো চুক্তিতে সম্মত হবে।
হাফিজ/ আয়না নিউজ