| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মর্গে নিথর বাবা, হাসপাতালের বেডে লড়ছেন মা, চার অবুঝ শিশুর চোখে অনিশ্চিত ভবিষ্যৎ

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 65532 বার পঠিত
মর্গে নিথর বাবা, হাসপাতালের বেডে লড়ছেন মা, চার অবুঝ শিশুর চোখে অনিশ্চিত ভবিষ্যৎ

সিলেট  এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের এক কোণে নিহত বদরুল আমিনের চার শিশু তামিম (১১), জুবায়ের (১০), তানিয়া (৯) ও তাকরিম (৬) নির্বিকারভাবে খেলায় মগ্ন। তাদের পাশের বেডেই আহত অবস্থায় শুয়ে আছেন মা হাফিজা বেগম। স্বামীর মৃত্যুর শোকে তিনি বাকরুদ্ধ, মাঝে মাঝে নিঃশব্দে চোখের জল ফেলছেন। একই হাসপাতালে অন্য ভবনের মর্গে রাখা হয়েছে বদরুল আমিনের মরদেহ।

পারিবারিক সূত্রে জানা যায়, বদরুল আমিন জীবিকার তাগিদে দীর্ঘদিন সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেট নগরের ভাতালিয়া এলাকায় বসবাস শুরু করেন। প্রতিদিনের মতো রোববারও স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজে যাচ্ছিলেন তিনি।

হাফিজা বেগমের চাচা আব্দুর রহিম জানান, সে এখনো ঠিকভাবে কথা বলতে পারছে না। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছে। চারটি ছোট সন্তান নিয়ে কীভাবে চলবে, সেটাই এখন বড় চিন্তা।

নিহতের দুলাভাই আকবর আলী বলেন, বদরুল খুব পরিশ্রমী মানুষ ছিলো। দিন-রাত পরিশ্রম করে পরিবার চালাত। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পিকআপে থাকা শ্রমিকরা সুনামগঞ্জে নির্মাণ কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া অন্যরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), এবং নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য,  সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও ৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন বদরুল আমিন (৩৪), আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী হাফিজা বেগম (৩০)।

রোববার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন, বাকিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪