| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভবনের নিচতলায় ভাড়াটিয়ার মজুত জ্বালানি তেলে হঠাৎ আগুন

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 66071 বার পঠিত
ভবনের নিচতলায় ভাড়াটিয়ার মজুত জ্বালানি তেলে হঠাৎ আগুন

ময়মনসিংহের ত্রিশালে আবাসিক এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দরিরামপুর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় সিঁড়ির নিচে রাখা পেট্রোলের পাত্রে হঠাৎ আগুন ধরে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে একটি কক্ষে আটকে রাখেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তল্লাশিতে সিঁড়ির নিচে রাখা কন্টেইনার থেকে প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতের অপরাধে উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন আরও জানায়, উমর ফারুক পাশের একটি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন এবং তেল সংকটের সময় বাসায় মজুত করা পেট্রোল বেশি দামে বিক্রি করতেন। একই ঘটনায় খোলা পাত্রে জ্বালানি বিক্রির দায়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, অতিরিক্ত মুনাফার আশায় ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুত করার কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪