ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শহরজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
বৈরী আবহাওয়ার কারণে এবারের ঈদ জামাত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা মসজিদে অনুষ্ঠিত হয়। দরগাপাড়ায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) এর মাজার সংলগ্ন মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত এবং সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
দরগা ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহবান জানান। নামাজ শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন এবং হিংসা-বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার জন্য দোয়া করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন একসঙ্গে নামাজ আদায় করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান।
এদিকে নগরের জিন্নাহনগর জামে মসজিদে প্রথম জামাতে অংশ নেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। নামাজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সব হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।