| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 147344 বার পঠিত
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের কাছে লাইনচ্যুত হলে গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান জানান, এখনো কয়েকটি বগি উদ্ধার করা বাকি রয়েছে। সেগুলো সরানোর পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হবে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। পুরো কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রান্সশিপমেন্ট চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা দুর্ঘটনাস্থলের দুই পাশে ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এ ক্ষেত্রে দুর্ঘটনাস্থলের একপাশে নেমে হেঁটে অপর পাশে গিয়ে অন্য ট্রেনে উঠতে হচ্ছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান, সীমান্ত, রূপসা, তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রীরা এভাবে যাতায়াত করছেন।

এ দুর্ঘটনার কারণে রেল শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আজ এবং আগামীকাল শুক্রবার ৮০৪ নম্বর বাংলাবান্ধা এক্সপ্রেসের (আক্কেলপুর-রাজশাহী ও পঞ্চগড়-রাজশাহী রুট) যাত্রা বাতিল করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শেষ করে স্বাভাবিক রেল চলাচল চালু করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী রিলিফ ট্রেনগুলো রাতভর কাজ করেছে এবং লাইন সচল না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪