চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ট্রেনের ছাদ থেকে পড়ে কিছু যাত্রী আহত হয়েছেন। ঈদ উপলক্ষ্যে ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
দুর্ঘটনার ফলে প্রায় ৫৮০ ফুট রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের স্লিপার ভেঙে গেছে এবং লাইনের পাতগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ফলে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগার সম্ভাবনা রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাদিজা খাতুন জানিয়েছেন, বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সান্তাহার থেকে বগুড়া হয়ে রংপুরগামী মিটারগেজ লাইন সচল রয়েছে।
মধ্যপথে আটকা পড়া হাজারের বেশি যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।