নাটোরের কান্দিভিটায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে কাউসার মাহমুদ। সোমবার (১৬ মার্চ) রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সাথে কাউসারের কথাকাটাকাটির জের ধরে গত রাত ১২টায় প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়ার পর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। কাউছারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।