বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকার সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার অভিযোগে বিএনপি নেতা ও তার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ মার্চ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় গোলাম মোস্তফার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযুক্ত গোলাম মোস্তফা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আইন না মেনে গোলাম মোস্তফা ও তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে পরবর্তীতে আবারও অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
অভিযানকালে আরশাদ আলীর বাড়ির ভেতরে একটি পাকা পানির ট্যাংকির মধ্যে লুকানো অবস্থায় অবৈধ একটি গ্যাস রাইজার পাওয়া যায়। পরে সেটি জব্দ করা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় আরশাদ আলী পালিয়ে থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে বলেন, তিনি বর্তমানে ওমরাহ পালনের জন্য বিদেশে অবস্থান করছেন। এ কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তবে তিনি শুনেছেন তার ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এ ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন।