বিশেষ প্রতিনিধি, nipon।।
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশু (৩৫) কে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার স্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাশুকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে এসে কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি করে।
কেএমপি ঘটনা তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।