বিশেষ প্রতিনিধি, nipon।।
কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে একজন নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘূর্ণিঝড়ে ব্রক্ষ্মপুত্র নদের ঘাটে থাকা ১২টি নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে। শনিবার (১৪ মার্চ) রাত ৮টায় উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনায় এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিন্টু মিয়ার (৫০) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। এদিকে এছাহকের নিখোঁজ ছেলে ফরিদ উদ্দিনের খোঁজে ব্রহ্মপুত্র নদে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা।
শনিবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া নৌকা ঘাটে নৌকা বাঁধতে গেলে এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির মধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। ঝড়ের তীব্রতায় ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে যায় এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়। রোববার দুপুর পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে মৃত মিন্টু মিয়ার জানাজা শেষে রোববার সকাল ৯টায় চিলমারী ইউনিয়নের ঢুষমারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ের সময় ঘাটে থাকা নৌকাগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজ চলছে। আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি।