বিশেষ প্রতিনিধি, nipon।।
যশোরের অভয়নগর কাঠপট্টিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টায় নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল কাঠ ও দামী আসবাবপত্র মজুত ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় ৩ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। অগ্নিকান্ডের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।