বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টায় বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছলে সকালে ঘন কুয়াশার কারণে সড়কে কোনো কিছু দেখা না যাওয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষে এতে ঘটনাস্থলে লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) মারা যান।
দুর্ঘটনায় আহত আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০) কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানালে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লালপুর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসার পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হন। মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যান দুটি উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন বাঘা থানার ওসি সেরাজুল হক।