বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশের পথে থাকা কয়েকটি জ্বালানিবাহী জাহাজ নিরাপদে দেশে পৌঁছেছে।
রোববার (৮ মার্চ) সকালে ৮টি তেল ও গ্যাসবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর এসে নোঙর করেছে। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, এসব জাহাজে থাকা জ্বালানি দেশে সরবরাহ ব্যবস্থায় স্বস্তি আনবে।
এদিকে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে এর পরবর্তী সময়ে রওনা দেওয়া অনেক জ্বালানিবাহী জাহাজ সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জ্বালানি আমদানি ও বাজারে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।