বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার সকালের সেশনে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেওয়ার কথা রয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে শুক্রবার শুরু হওয়া দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। এছাড়া বিকেলের সেশনে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশ নেওয়া এক সংসদ সদস্য জানান, দলীয় এমপিদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ অধিবেশন আহবান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন সদস্য।