বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপি এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চেয়ারম্যান তারেক রহমান এমপি এবং প্রধানমন্ত্রী হিসেবে দলের সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুন সাংসদদের সঙ্গে ভাগ করে নেবেন।
বৃহত্তর উদ্দেশ্য হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই মূল লক্ষ্য।
বিএনপি থেকে এয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করেছেন। তাই নতুন সংসদ সদস্যদের জন্য এই কর্মশালা তাদের সংসদীয় কার্যপ্রণালী এবং বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রথম দিনের কর্মসূচিতে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিনে সকাল ও বিকেলের পর্বে যথাক্রমে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশগ্রহণ করবেন।
কর্মশালায় এমপি ও মন্ত্রীরা পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও আলোচনায় অংশগ্রহণ, সংসদে উপস্থিতি নিশ্চিতকরণ, স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণের কৌশল শিখবেন।
এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।