বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাটে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডে খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয় এবং মশা নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োগ করা হয়। কর্মসূচিতে প্রায় ২০০ জন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের কর্মী অংশ নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
প্রশাসক আবদুস সালাম বলেন, “বাসা থেকে ময়লা সংগ্রহের বিল যদি ১০০ টাকার বেশি হয়, তা হলে সিটি কর্পোরেশনে জানান। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।”
তিনি আরও ঘোষণা করেন, প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হবে।
প্রশাসক জানান, ঢাকা শহর বাংলাদেশের মুখ। শহরটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির কথা বলেছেন। আমরা চাই, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকা সবচেয়ে উন্নত হোক। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ অন্যান্য বিভাগীয় প্রধানরা।