বিশেষ প্রতিনিধি, nipon।।
বাহরাইনে সাম্প্রতিক ইরানি হামলায় আহত দুই বাংলাদেশিকে দেখতে বুধবার (৪ মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার কিং হামাদ হাসপাতালে যান। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত হাসপাতাল পরিদর্শনের সময় তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সুস্থতার জন্য তাদের প্রতি শুভকামনা জানান।
রাষ্ট্রদূতের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।