বিশেষ প্রতিনিধি, nipon।।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ মাংসগুলো জব্দের নির্দেশ দেন।
দীর্ঘদিন ধরে এ বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ থাকলেও প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করেন ক্রেতারা।
স্থানীয়রা জানিয়েছেন নিয়ম অনুযায়ী, প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে গরুর ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে গরু জবাই করার কথা থালকেও অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করেন।
স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।