বিশেষ প্রতিনিধি, nipon।।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ নিয়েও তাদের পাওয়া যায়নি।
এ অবস্থায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ আদালতে আবেদন করেন, যাতে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।