বিশেষ প্রতিনিধি, nipon।।
তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের ছয় মাস পর নেপালে প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে তৎকালীন সরকার পতন ঘটে। পরে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে এবং নতুন নির্বাচনের ঘোষণা দেয়।
নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে প্রায় ১০ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদের মোট ২৭৫টি আসনের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে পুরোনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পরিবর্তনের দাবিতে সোচ্চার তরুণ ভোটারদের সমর্থন পাওয়া নতুন ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভই গত বছরের আন্দোলনের প্রধান চালিকাশক্তি ছিল। ওই আন্দোলনের সময় সংঘর্ষে অন্তত ৭৭ জন নিহত হন।
এবারের নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন আন্দোলনে পতন হওয়া সরকারের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং জনপ্রিয় সাবেক র্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন শাহ।
নির্বাচনের ফলাফলের ওপরই নির্ভর করবে রাজনৈতিক অস্থিরতার পর নেপালের ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারণের দিকনির্দেশনা।